স্বতঃপ্রণোদিত রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল এলাকায় লিফট ছিঁড়ে পড়ে চারজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে মামলার আলামত নষ্ট করার অভিযোগে দোষীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রমনা থানার ওসিসহ বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া রমনা থানার ওসি, প্রকৌশলী তানভীরুল হক প্রবাল ও আলী আজগরকে (মামলার বাদী) ১ আগস্ট হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।গত ২১ জুলাই কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারের লিফট ছিঁড়ে পড়ে। ‘আইরিশ নূরজাহান’ নির্মাতা প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচারের নির্মাণাধীন একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন। ঘটনার পরদিন নির্মাণাধীন ভবনটির প্রধান শ্রমিক মো. আলী আজগর বাদী হয়ে রমনা থানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার আলামত নষ্ট করা হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা উপস্থাপন করেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।