স্বতন্ত্র অধিদপ্তর চান মাধ্যমিক শিক্ষকেরা
সরকারি মাধ্যমিক শিক্ষকেরা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া তাঁরা প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া এবং শূন্যপদ পূরণের দাবি করেছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার দাবি থাকলেও মাধ্যমিক শিক্ষকদের আপাতত দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা এসব দাবি নিয়ে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সঙ্গে বৈঠক করেন। সচিব সমিতির যৌক্তিক দাবিগুলো খুব শিগগির পূরণের আশ্বাস দেন। সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলী জানান, ‘স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি।’ বৈঠকে সমিতির সভাপতি মো. সামসুল হক, সমিতির নেতা মো. জালাল উদ্দীন সরকার, মো. আমিনুল হক, মো. মনোয়ারুল ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।