স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। স্নাতক কোর্সে অধ্যয়নরত প্রায় ২০০ শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। তাঁরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। দুপুর ১২টায় মানববন্ধন শেষে ফিজিওথেরাপির শিক্ষার্থীরা সমাবেশ করেন। এতে তাঁরা বলেন, অবিলম্বে ফিজিওথেরাপি কলেজের ভবন নির্মাণ শুরু ও স্বতন্ত্র ফিজিওথেরাপি কাউন্সিল গঠনের উদ্যোগ সরকার না নিলে ঈদের পর তাঁরা বড় কর্মসূচি হাতে নেবেন। শিক্ষার্থীরা বলেন, ২০০৯ সালে ফিজিওথেরাপি কলেজের নিজস্ব ভবন নির্মাণের জন্য মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করা হয়। তখন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উচ্ছেদের ১০ দিনের মধ্যে ফিজিওথেরাপি কলেজের ভবন নির্মাণের ঘোষণা দেন। কিন্তু দুই বছর পরও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান প্রথম আলোকে জানান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) প্রায় ৩০০ ফিজিওথেরাপির শিক্ষার্থীর জন্য একটিমাত্র শ্রেণীকক্ষ রয়েছে। শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীরা সেশনজটে আটকা পড়ে আছেন। এ ছাড়া অন্য ক্লাসগুলো করতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যেতে হয়।