স্বপ্ন আগোরা মীনাবাজারকে অর্থদণ্ড আইডিয়াল ফুডের কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য তৈরি ও উৎপাদিত পণ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টসের কারখানা সিলগালা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. বাকেরকে এক মাসের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ওই প্রতিষ্ঠানের ভেজাল পণ্য রাখায় রাজধানীর মগবাজারে ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্ন, আগোরা ও মীনবাজারের তিনটি শাখার প্রত্যেকটিকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মগবাজারে আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টসে অভিযান চালানোর সময় তাদের পণ্যের চালান ও প্রাপ্ত ওয়ার্ক-অর্ডারের ভিত্তিতে স্বপ্ন, আগোরা ও মীনাবাজারের মগবাজার শাখায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেতারা গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে যান, কিন্তু সেখানে ঝকঝকে প্যাকেটের মধ্যে ভেজাল পণ্য রাখা থাকলে তা প্রতারণার পর্যায়ে পড়ে। আর ডিপার্টমেন্টাল স্টোরগুলো কোনো ধরনের খোঁজখবর না নিয়ে এসব পণ্য বিক্রি করলে তারাও ‘ভেজাল পণ্য উৎপাদন-বিক্রয়-বাজারকরণ’ আইনের আওতায় পড়ে। তাই তাদের এক লাখ টাকা করে জরিমানা ও আইডিয়ালের পণ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আরও জানান, নারায়ণগঞ্জের ভুল ঠিকানা দিয়ে মগবাজারের একটি পুরোনো বাসায় আইডিয়াল এগ্রো প্রোডাক্টস কারখানা চালাচ্ছিল। সেখানে সব ধরনের পণ্যে ভেজাল মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক ১১টি পণ্যসহ ৭৭টি পণ্যের ক্ষেত্রে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ সনদ নেয়নি। এ ছাড়া কাপড়ের রংসহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য খাদ্যে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তাই ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আর প্রতিষ্ঠানের কারখানা সিল করে ভেতরে সংরক্ষিত মালামাল ধ্বংস করা হয়। এ সময় আইডিয়াল এগ্রো ফুডের ব্যবস্থাপককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে র‌্যাব-৩-এর একটি দল অংশ নেয়।