‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’ বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলায় ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের জীবন অবলম্বনে বইটি লিখেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
গত শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হাসান। মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ইমদাদুল হক মিলন।
এ সময় আলিমউল্যা মিয়ানের জীবনের ওপর স্মৃতিচারণা করে বক্তব্য দেন আইইউবিএটির অ্যালামনাই ও বোর্ড অব গভর্নরের সদস্য হামিমুর রহমান, রোটারি ক্লাব অব গ্রেটার ঢাকার প্রাক্তন সভাপতি ফারুকুল ইসলাম ও আইইউবিএটির রেজিস্ট্রার লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার ও রোটারি ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আবদুর রব। সমাপনী পর্বে সবাইকে ধন্যবাদ জানান অধ্যাপক হামিদা আখতার বেগম।
আলিমউল্যা মিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৯১ সালে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন।