ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শকের ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের কমিটি গতকাল বৃহস্পতিবার কাজ শুরু করেছে। মঙ্গলবার ওই কমিটি গঠন করা হয়। এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য ডিবির প্রধান ও মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটির সদস্য হিসেবে তিনি গতকাল চিঠি হাতে পেয়েছেন। এরপরই কমিটি ঘটনা তদন্তের প্রাথমিক কাজ শুরু করে। কমিটি এ নিয়ে দুই ঘন্টাব্যাপী একটি বৈঠকও করেছে।এদিকে যার অভিযোগের ভিত্তিতে ডিবির তিন পরিদর্শক আটক হয়েছিলেন, সেই জহিরুল ইসলাম ওরফে জুয়েলের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হলেও পুলিশ তিনদিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এই জুয়েল সেই প্রতারক কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। ডিবির প্রধান ও মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম আবার পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান। তিনি এ বিষয়ে বলেন, জহিরুল ইসলাম জুয়েলকে তদন্ত কমিটির সামনে হাজির হতে তৃতীয় দফা চিঠি পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে সোমবার রাতে বাড্ডা থানায় প্রতারণার মামলা করেছেন মানিকগঞ্জের এক ওয়ার্কশপের মালিক আওলাদ হোসেন। ডিবি কর্মকর্তারা জানান, প্রতারণার অভিযোগে জুয়েলের বিরুদ্ধে উত্তরা ও আশুলিয়াসহ বিভিন্ন থানায় অনেক মামলা আছে। একটি মামলায় তাঁর নয় মাসের কারাদণ্ডও হয়েছে। গত ৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে কথিত প্রতারক জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এনএসআইয়ের একটি দল ডিবির তিন পরিদর্শককে আটক করে। পরে তাঁদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। এনএসআইয়ের দপ্তরে তিন পরিদর্শককে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।