‘আমরা দেশের নাগরিক, আমাদের বিভিন্ন দাবি-দাওয়া শোনাই তাঁর দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে তিনি আমাদের সাক্ষাৎ দেননি।’এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতারণার অভিযোগে অভিযুক্ত বহুধাপ (এমএলএম) বিপণনপ্রতিষ্ঠান ইউনিপেটুইউর গ্রাহকেরা। বিভিন্ন দাবিতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের বিমুখ করেন বলে জানান তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গ্রাহকেরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে গ্রাহকেরা বলেন, তাঁদের মামলা ঢাকা মহানগর পুলিশ (ডিবি) ও র্যাবকে হস্তান্তর, ইউনিপের অন্য কর্মকর্তাদের গ্রেপ্তার ও গ্রাহকদের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবিতে ২২ মে সাহারা খাতুনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। দেখা করার জন্য তাঁর ব্যক্তিগত সহকারী ওই তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু ওই দিন ব্যস্ততার কথা বলে মন্ত্রী সেখানে গ্রাহকদের সঙ্গে দেখা করেননি। এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছেন প্রতিষ্ঠানটির প্রতারিত গ্রাহকেরা। তাঁর সঙ্গে দেখা করে আলোচনার ব্যাপারে আশাবাদী তাঁরা।গ্রাহকেরা অভিযোগ করেন, এত দিন ধরে মানববন্ধন, বিভিন্ন আন্দোলন করেও তাঁরা টাকা ফেরত পাচ্ছেন না। বরং উল্টো তাঁদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে ইউনিপে কর্মকর্তাদের পালিত সন্ত্রাসীরা।ইউনিপেটুইউর গ্রাহক খিলক্ষেতের বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনের সহযোগী মশিউর রহমান ও তাঁর স্ত্রী রাজিয়া বেগমের মাধ্যমে তিনি প্রায় ৪২ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এই টাকা ফেরত চাইলে মশিউর রহমান তাঁকে হুমকি-ধমকি দেন ও মিথ্যা অভিযোগ দিয়ে থানায় ডায়েরি করেন। পরে এসব অভিযোগ তুলে মশিউর রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেন মোজাম্মেল। এরপর থেকে পলাতক মশিউর রহমান।সংবাদ সম্মেলনে জব্দ টাকা ফেরত, মশিউর রহমান ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার, আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়াসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৯ জুন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ১৫ জুন ধানমন্ডিতে সদ্য বন্ধ হয়ে যাওয়া ইউনিপেটুইউর কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। অর্থ আদায়ে আদালতে মামলা করার ঘোষণাও দেন তাঁরা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতারণার অভিযোগ তোলা গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বার্স ক্লাব লিমিটেডের সভাপতি সরোয়ার মোরশেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বক্তিয়ার।