স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ডিসেম্বরের সফল হরতালে বিএনপি-জামায়াত জোট শঙ্কিত হয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ দিয়ে হরতাল সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনের ফসল নিজেদের ঘরে তুলতে চাইছেন।গতকাল বুধবার গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা শেষে হরতাল নিয়ে সরকার ও বিএনপি-জামায়াত জোটের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। সভায় নেতারা হরতাল নিয়ে বিএনপি-জামায়াতের মিথ্যাচার ও অপপ্রচার এবং অন্যদিকে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়াকে নিজেদের পকেটস্থ করার সরকারি চেষ্টার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, মূলত শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে জনগণ শাসকগোষ্ঠীর জোট-মহাজোটের হানাহানির রাজনীতি প্রত্যাখ্যান করে নিজেদের ঐক্যবদ্ধ শক্তির প্রকাশ ঘটিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিঞা, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।