সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। এর মাধ্যমে হত্যারহস্যের জট খোলেনি বলেও মন্তব্য করেছেন তাঁরা।গতকাল বুধবার বৈঠক শেষে সাংবাদিক নেতারা এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি সম্পর্কে ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সাংবাদিক নেতারা আশা করেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিরা দ্রুত সময়ের মধ্যে শনাক্ত হবে, বিশ্বাসযোগ্য মোটিভের সন্ধান পাওয়া যাবে এবং হত্যারহস্যের সুষ্ঠু কারণ বের হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কামালউদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আবদুল জলিল ভূঁইয়া, আবদুস শহীদ, ওমর ফারুক, বাকের হোসাইন, সাখাওয়াত হোসেন, শাবান মাহমুদ ও সাজ্জাদ আলম খান।বিবৃতিতে বলা হয়, সাগর-রুনির হত্যারহস্য উন্মোচন, দেশজুড়ে সাংবাদিক হত্যা-নিপীড়ন বন্ধ এবং সব সাংবাদিক হত্যার বিচার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সাগর-রুনি স্মরণসভা হবে।