‘ঢাকা মহানগর পুলিশকে নানা সমস্যার মধ্যে দিনরাত কাজ করতে হয়। তাদের অনেকের ঘুমানোর জায়গা নেই। তারা পুরাতন লক্কড়ঝক্কড় যানবাহন নিয়ে চলাফেরা করে। তবুও গত এক বছর তাদের কঠোর পরিশ্রম ও বিচক্ষণতার কারণে বিভিন্ন কর্মসূচি সফল হয়েছে।’গতকাল শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যে পুলিশের দুর্দশার কথা এভাবেই উঠে আসে। তিনি বলেন, পুলিশ বিভাগে জনবল সংকটসহ নানা সমস্যার বিষয়ে সরকার অবগত আছে এবং এসব সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে পুলিশের জনবল ৩২ হাজার বাড়ানোরও ঘোষণা দেন। তিনি সীমিত সাধ্য নিয়ে পুলিশকে সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় ২০০৯ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিউনিটি পুলিশের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, জঙ্গি, সন্ত্রাস, টেন্ডারবাজ দমন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার বাড়াতে মহানগর পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাগত বক্তব্যে বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরের মোট আয়তনের ২৫ শতাংশজুড়ে সড়ক থাকা দরকার। কিন্তু ঢাকায় আছে মাত্র নয় শতাংশ। আবার গাড়ির চাপ প্রতিদিনই বাড়ছে। ফলে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে বেগ পেতে হচ্ছে। এর পরও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পুলিশ।শহীদুল হক বলেন, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ডিএমপি প্রতিষ্ঠার সময় রাজধানীর জনসংখ্যা ছিল ৪২ লাখ; আর পুলিশের জনবল ছিল ছয় হাজার ২০৮ জন। এখন রাজধানীর জনসংখ্যা বেড়ে প্রায় দেড় কোটি হলেও এদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আছে মাত্র ২৫ হাজার। এই হিসাবে প্রায় এক হাজার ৬০০ লোকের বিপরীতে মাত্র একজন করে পুলিশ আছে।ঢাকা মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমনায় ডিএমপির সদর দপ্তর বর্ণিল সাজে সাজানো হয়। সেখানকার আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। বসেছিল নতুন আর পুরোনো কর্মকর্তাদের মিলনমেলা। অনুষ্ঠানে এসেছিলেন অবসরপ্রাপ্ত অনেক পুলিশ কর্মকর্তাও। তাঁরা পুরোনো সহকর্মীদের পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন। মেতে ওঠেন গল্পে।অনুষ্ঠানে মহানগর পুলিশের ওপর ২২ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রধান অতিথি একটি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শেষে ঢাকা মহানগর পুলিশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৭৬ সালে ১২টি থানা ও ছয় হাজার জনবল নিয়ে শুরু হয় ডিএমপির কার্যক্রম। বর্তমানে থানার সংখ্যা ৪১টি। আরও ১০টি থানা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।