স্বরাষ্ট্রমন্ত্রীর হিংস্রতা জাতি বুঝতে পারছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের প্রতিহিংসার শিকার হওয়ার কথা উল্লেখ করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা এহছানুল হক মিলন বলেছেন, জাতি এখন তাঁর হিংস্রতা বুঝতে পারছে। তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাকে বারবার হয়রানি করা হচ্ছে।’গতকাল বৃহস্পতিবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাবেক ওই প্রতিমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে মিলন বলেন, ‘এত দিন আমাকে, আমার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন মখা আলমগীর। এখন জাতি বুঝছে, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কতটা হিংস্র। কীভাবে সবাইকে রাজনৈতিকভাবে হেয় করতে হয়।’মিলন আরও বলেন, ‘মহাজোট সরকারের চরম নির্যাতনের উদাহরণ আমি। এ পর্যন্ত ৩১টি মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে। মিথ্যা-বানোয়াট অভিযোগে এসব মামলা হয়েছে।’ সাংবাদিকদের কাছে মিলনের দাবি, তাঁর বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।বেলা সোয়া ১১টা থেকে একটা পর্যন্ত মিলনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ।দুদক সূত্র জানায়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মিলন নকল প্রতিরোধ করতে গিয়ে হেলিকপ্টারে বিভিন্ন এলাকায় যান। এ নিয়ে ২০০৪ সালে একটি পত্রিকায় প্রকাশিত খবর আমলে নিয়ে প্রায় নয় বছর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, সাবেক ওই প্রতিমন্ত্রীর নকলবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দেশজুড়ে পাবলিক পরীক্ষায় নকলের মহোৎসব এবং নকলকেন্দ্রিক সন্ত্রাস কমে আসে।