স্বরাষ্ট্রসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল বুধবার অভিযান চালিয়ে স্বরাষ্ট্রসচিব পরিচয়দানকারী ইমদাদুল হক ওরফে সোহেল (২৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-২-এর একটি গোয়েন্দা দল প্রতারক ইমদাদুলকে আটক করে। পরে তাঁকে আগারগাঁও র‌্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। দুপুরে র‌্যাব-২-এর কার্যালয়ে এ নিয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় র‌্যাব কর্মকর্তারা বলেন, সম্প্রতি ইমদাদ নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয়ে মুঠোফোনে প্রাণ গ্রুপের মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রাণ গ্রুপের মালিক এ ঘটনা র‌্যাবকে জানান। র‌্যাব ওই প্রতারককে ধরতে ফাঁদ পাতে। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা গতকাল সকালে ওত পেতে থাকেন এবং প্রতারক ইমদাদকে আটক করেন। প্রতারকের এপিএস পরিচয়দানকারী ওবায়দুল ইসলাম ও আরেক সহকারী আমিনুল ইসলাম পালিয়ে যায়।কর্মকর্তারা বলেন, প্রতারক ইমদাদ কখনো স্বরাষ্ট্রসচিব আবার কখনো মন্ত্রী পরিচয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ কিংবা চাঁদাবাজি করে আসছিলেন।সংবাদ ব্রিফিংয়ে ইমদাদকে আনা হয়। এ সময় তিনি স্বরাষ্ট্রসচিব পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেন। তিনি বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি এ পর্যন্ত দুই লাখ টাকা আত্মসাৎ করেছেন।