স্বর্ণালংকার লুট করতেই দোকানকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা ও অলংকার লুট করতেই সোনার দোকানে ঢুকেছিলেন মানিক মিয়া (৩৫) ও তাঁর দুই সহযোগী। দোকানের ভেতরই তাঁরা আজমপুরের গোল্ড কিং জুয়েলার্সের কর্মচারী উজ্জ্বলকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মানিক পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম প্রথম আলোকে বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে গত বৃহস্পতিবার রাতে থানার একদল পুলিশ নেত্রকোনা সদর উপজেলার জোগাড়পাড়ের বাসা থেকে মানিক মিয়াকে গ্রেপ্তার করে। ওসি লোকমান হেকিম আরও জানান, মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে শোবার ঘরের খাটের নিচে গর্ত করে লুকিয়ে রাখা ৩৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। এ ছাড়া দোকান লুট করা নগদ ১৬ হাজার টাকাও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মানিক মিয়া স্বর্ণের দোকানের কর্মচারী নিহত উজ্জ্বল চন্দ্র দের (২৫) পূর্বপরিচিত। তিনি দক্ষিণখানে থাকতেন। জিজ্ঞাসাবাদে মানিক পুলিশকে জানান, তাঁর কাছে দোকান-কর্মচারী উজ্জ্বলের তিন হাজার টাকা পাওনা ছিল। খুনের আগে উজ্জ্বল পাওনা টাকা চাইলে তিনি রাতে টাকা নিয়ে আসার কথা বলে চলে যান। রাতে উজ্জ্বল দোকান বন্ধ করে ভেতরে একা থাকতেন। পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক জানান, রাতে তাঁর দুই সহযোগী নিয়ে আজমপুর কাঁচাবাজারসংলগ্ন হাজি হালিম মার্কেটের গোল্ড কিং জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে ঢোকেন। একপর্যায়ে তাঁরা উজ্জ্বলকে শ্বাসরোধে হত্যা করে দোকানের লোহার বাক্স থেকে টাকা ও অলংকার নিয়ে যান। পরে তিনি টাকা নিয়ে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। মামলার তদন্ত সূত্র জানায়, মানিকের দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।গত ৩ ফেব্রুয়ারি রাতে আজমপুর কাঁচাবাজারসংলগ্ন হাজি হালিম মার্কেটের গোল্ড কিং জুয়েলার্স নামক স্বর্ণের দোকান থেকে কর্মচারী উজ্জ্বল চন্দ্র দের (২৫) গলায় রুমাল পেঁচানো লাশ উদ্ধার করে।