স্বাচিপের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।থানা সূত্র জানায়, স্বাচিপের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতা আবদুল্লাহ তারেক ভূঁইয়াকে ছুরিকাঘাত করার ঘটনায় তাঁর ভাই আবদুল হাই ভূঁইয়া গত বুধবার রাতে বাদী হয়ে স্বাচিপের পাঁচজন চিকিৎসককে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহকারী অধ্যাপক মাজহারুল হক, ওই হাসপাতালের চিকিৎসক রাব্বিকুল ইসলাম, সারোয়ার হোসেন, আইনুল ইসলাম ও আমিনুল ইসলাম।গতকাল বৃহস্পতিবার দায়ের করা অপর মামলার বাদী হয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও স্বাচিপ নেতা মাজহারুল হক। তিনি তাঁদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ আনেন।জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে তারেক ভূঁইয়ার ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মেডিকেলের স্বাচিপের এক পক্ষ বেলা একটার পর মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও ক্যাজুয়ালটি ব্লকের বারান্দা হয়ে অর্থোপেডিক ওয়ার্ডের সামনে প্রদক্ষিণ করে মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। গত বুধবার দুপুরে স্বাচিপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাহত চিকিৎসক তারেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গতকাল সাংবাদিকদের জানান, সেখানেও হামলার আশঙ্কায় তিনি শঙ্কিত।গতকাল ঘটনা তদন্তে অধ্যাপক আমজাদ হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কমিটিকে আগামী চার কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার স্বাচিপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন। এ ঘটনায় চিকিৎসকদের তিনটি কক্ষ ভাঙচুর হয়।