স্বাধীন আরাকান রাজ্যই সমাধান: হেফাজত

স্বাধীন আরাকান রাজ্য গঠনের মাধ্যমেই কেবল রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মনে করে হেফাজতে ইসলাম। আজ সোমবার দুপুরে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সংগঠনের নেতারা এ কথা বলেন।
দুপুর ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে সংগঠনের নেতারা শান্তিনগর মোড়ে অবস্থান নেন। সেখানে ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ আর সামনে যেতে না দেওয়ায় সেখান থেকে সংগঠনের ছয়জন নেতা মিয়ানমার দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন। স্মারকলিপিতে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেওয়ার দাবি জানানো হয়।
শান্তিনগর মোড়ে সমাবেশে বক্তব্য দেন আবদুর রব ইউসূফী, জোনায়েদ আল হাবিব, আতাউল্লাহ হাফেজী, মাহফুজুল হক প্রমুখ।