স্বাধীনতা দিবসে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে
আগামী ২৬ শে মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রী বর্গ, সামরিক ও আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনীতিকবৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করবেন। এই অনুষ্ঠানে অতিথিদের চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় ওই দিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যান চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো প্রবেশ করতে পারবে। আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা, রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো ধরনের যানবাহন চলাচল করবে না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা মোড়, ইউবিএল, প্রেসক্লাব হয়ে কিংবা সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক মোড় অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী সড়কে বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না। ২৬ শে মার্চ দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই দিক নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।