স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ছাত্রীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে অংশ না নেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ ছাত্রীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাটিকে ছাত্রদলের অপপ্রচার বলে দাবি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন সাধারণ ছাত্রী প্রথম আলোকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সকাল ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। এতে অংশ নেওয়ার জন্য কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা আগের দিনই সাধারণ ছাত্রীদের সকালে প্রস্তুত থাকার জন্য কয়েক দফা নির্দেশ দেন। কিন্তু আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা ও কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলায় অনেক ছাত্রীই সকালে কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এ কারণে নাসরিন ক্ষুব্ধ হয়ে সকালে কর্মসূচি থেকে ফিরে কলেজের নিরাপত্তাকর্মীদের হল ও কলেজ থেকে বের হওয়ার ফটক বন্ধ করে দিতে বলেন। এরপর নিজের কর্মীদের নিয়ে ছাত্রীদের মারধর শুরু করেন। একজন ছাত্রী বলেন, ‘হোস্টেলের নিচতলা থেকে শুরু হয় মারধর। ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী কাঠের চেলা ও লাঠি দিয়ে ছাত্রীদের মারধর শুরু করেন। এ সময় অনেকে টয়লেট ও হলের ছাদে আশ্রয় নিয়েও রক্ষা পাননি।’অভিযোগের বিষয়ে নাসরিন সুলতানা বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছাত্রদলের কিছু নেতা-কর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা রটাচ্ছেন বলে দাবি করেন তিনি। কলেজের অধ্যক্ষ মেরিনা জাহান প্রথম আলোকে বলেন, ‘ভাইবোন যদি একই ঘরে থাকে, তাহলে কিছু বাগিবতণ্ডা হতেই পারে। তবে মারধরের অভিযোগ আমি মানি না।’ ছাত্রদলের কিছু শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে এ ধরনের অভিযোগ করেছে বলে দাবি করেন তিনিও।