স্বাধীনতা পদকপ্রাপ্তি উদ্যাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০তম বছরে শিক্ষায় বিশেষ অবদানের জন্য দেশের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে সে সম্মানজনক স্বীকৃতি উদ্যাপন করল বিশ্ববিদ্যালয়-পরিবার।সকাল থেকে আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে কর্তৃপক্ষ। পদকপ্রাপ্তি উদ্যাপন উপলক্ষে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন অপরাজেয় বাংলার পাদদেশে। সেখান থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রং-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়-পরিবারের সদস্যরা।ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শান্তির পায়রা আর বেলুন উড়িয়ে উদ্যাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্তি।এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি পরিবেশনের মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করা হয়। দেশের গান আর নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।পরে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবদান তুলে ধরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই প্রাপ্তি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, সারা দেশের অর্জন। সব দিক বিবেচনা করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনেও শীর্ষে থাকবে বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।