স্বাধীনতাবিরোধী শক্তির তাণ্ডব, প্রতিরোধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেশের চলমান পরিস্থিতিতে জাতি-ধর্ম-গোত্র-নারী-পুরুষনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী শক্তির সব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশ দেওয়ার পর যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া, প্রতিপক্ষকে হত্যা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মন্দির ও প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যাসহ ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। বিবৃতিতে স্বাক্ষর করেন সুজনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাফিজউদ্দিন খান এবং সম্পাদক বদিউল আলম মজুমদার। তাঁরা বলেন, রায় নিয়ে বাদী বা বিবাদী পক্ষের অসন্তোষ থাকতেই পারে। সে জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কাজ কখনই যুক্তিযুক্ত নয়, যা এই অপশক্তি করছে। বিবৃতিদাতারা বলেন, এই সংকটময় মুহূর্তে প্রধান বিরোধী দল বিএনপি জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে। এ অবস্থান দেশের চলমান সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখার পরিবর্তে দেশকে গভীর সংকটে ফেলে দেবে। বিবৃতিতে সরকারের সমালোচনা করে বলা হয়, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা তথা সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমাল রক্ষায় যথাযথ প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের উচিত, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাগ্রস্ত না থেকে এই অপশক্তিকে শক্ত হাতে মোকাবিলা করা এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা। বিজ্ঞপ্তি।