স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের তিন দিন আগে থেকে আজ (গতকাল) পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩০০ মানুষ। প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী নাদিয়া সুলতানা। প্রতিদিনই এভাবে অসংখ্য মানুষ মারা গেলেও দুর্ঘটনা বন্ধে কঠোর আইন হচ্ছে না। গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে আয়োজিত মানববন্ধনে কথাগুলো বলছিলেন বক্তারা। তাঁদের দাবি, যোগাযোগমন্ত্রীর ব্যর্থতা ও নৌমন্ত্রীর পক্ষপাতিত্বের কারণে দায়ী চালকদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। বরং শ্রমিকদের ধর্মঘটের হুমকির মুখে জামিন পেয়েছেন তারেক-মিশুকের দুর্ঘটনায় জড়িত বাসচালক। সড়ত দুর্ঘটনা বন্ধসহ দেশের সব অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা তিন মাস ধরে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল এই মানববন্ধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন নিহত নাদিয়ার সহপাঠী অণুুজীব বিজ্ঞানের শিক্ষার্থীরা। সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। মানববন্ধন থেকে আগামী ৩ ডিসেম্বর শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে সম্মিলিত নারী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফরিদা আখতার মানববন্ধনে বলেন, ‘আমরা সঠিক তদন্তের মাধ্যমে এমন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’সঞ্চালক অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘যাঁরা হুমকি দিয়ে অপরাধীকে আদালত থেকে বের করে আনেন, তাঁরা বাণিজ্য ও মুনাফার জন্য কাজ করছেন। তাঁরা রাষ্ট্রের নেতা হিসেবে থাকতে পারেন না। আমরা তাঁদের অপসারণ চাই।’ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘সড়ক ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা না আসে সে জন্য এক মন্ত্রীসহ একটি গোষ্ঠী চালকদের পক্ষ নিয়েছেন। তাঁদের অপসারণ করে দায়ী চালকদের শাস্তির বিধানে আইন কঠোর থেকে কঠোরতর করতে হবে।’ মানববন্ধনে সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, চালকদের প্রশিক্ষণ সংস্থা ইআরডিপির (এডুকেটেড রেসপনসিবল ড্রাইভার প্রোগ্রাম) চেয়ারম্যান মো. ফারুক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ফেডারেশনের নেতা এবং নিহত নাদিয়ার এক সহপাঠী প্রমুখ বক্তব্য দেন।