স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন
রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের (ইউল্যাব) শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে। স্কুল ছুটির পর এ মানববন্ধন হয়।গত আগস্ট মাসে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীর ছিলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ছাত্র। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’, ‘নিরাপদে স্কুলে আসতে চাই,’ নিরাপদে বাড়ি ফিরতে চাই’, ‘নিরাপদে বেড়ে উঠতে চাই’ ইত্যাদি স্লোগানসংবলিত ফেস্টুন বহন করে।মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অদক্ষদের কোনোভাবেই চালক লাইসেন্স দেওয়া যাবে না। যাচাই-বাছাই করে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দিতে হবে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কগুলোতে সড়ক বিভাজক নির্মাণের পরামর্শ দেন তিনি।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের সহপাঠী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ম. তামিম বলেন, ‘আমাদের দেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটা পর্যন্ত কারও টনক নড়ে না।’ তিনি মিশুক মুনীর ও তারেক মাসুদের মৃত্যুর জন্য যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।মানববন্ধনে অন্যদের মধ্যে ইউল্যাবের অধ্যক্ষ সেলিনা বানু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আবুল এহসান, ইউলেসার সভাপতি খন্দকার মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক ফজল মোহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।