স্বাভাবিক হয়নি চিনির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরবরাহ কম হওয়ায় চিনির অস্থিরতা কাটছে না। বেসরকারি চিনি পরিশোধনকারী মিলগুলো এখনো পরিবেশকদের চাহিদামতো চিনি সরবরাহ করছে না বলে অভিযোগ রয়েছে।এ অবস্থায় খুচরা ব্যবসায়ীরা পর্যাপ্ত চিনি সংগ্রহ করতে পারছেন না। আর এই অজুহাতে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে সরকার-নির্ধারিত দরের চেয়ে বেশি দামে।সরকার চিনির খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে ৬৫ টাকা। কিন্তু গত কয়েক দিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুব কম দোকানে ৬৫ টাকায় চিনি বিক্রি হচ্ছে। বেশির ভাগ খুচরা দোকানে ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।পরিবেশকেরা জানান, চিনি পরিশোধনকারীদের মধ্যে অন্যতম সিটি গ্রুপ গত কয়েক দিন ঢাকার মৌলভীবাজারের পরিবেশকদের চিনি দেয়নি। এ সময় ইগলুও চিনি সরবরাহ করেছে কম। আর মেঘনা গ্রুপ মিলগেটে চিনি বিক্রি করছে ৬২ টাকায়, কিন্তু মিলগেটে সরকার-নির্ধারিত প্রতি কেজি বিক্রির দর ৬০ টাকা।মৌলভীবাজারের পরিবেশকদের দাবি, রাজধানীর চিনির বাজার স্থির রাখতে হলে ঢাকার মৌলভীবাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এ পাইকারি বাজারে প্রতিদিন চিনির চাহিদা ৩৫০ থেকে ৪০০ টন, কিন্তু ১০ দিন ধরে এ বাজারে চিনির সরবরাহ ছিল অপর্যাপ্ত। অবশ্য গতকাল থেকে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে তা-ও চাহিদার অর্ধেক।বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে জানান, খুচরা পর্যায় থেকে যদি কিছুটা চিনি মজুদ না থাকে, তাহলে তো বাজারে সংকট হবেই। একসঙ্গে বড় চারটি মিল বেশ কিছু দিন বন্ধ থাকায় বাজারে যে বিরূপ প্রভাব পড়েছে, তা এখনো কাটিয়ে ওঠা যায়নি।আবুল হাশেম জানান, এখন যে পরিমাণ চিনি আসছে, তার সবটাই বিক্রি হয়ে যাচ্ছে। ফলে পাইকারি ও খুচরা কোনো পর্যায়েই চিনির মজুদ হচ্ছে না। সে কারণেই মিলগেটে সরবরাহ এক দিন বন্ধ থাকলেই বাজারে সংকট দেখা দেয়।ট্রাকে করে টিসিবির চিনি বিক্রি: এদিকে রাজধানীর ৩০টি স্থানে গতকাল রোববার থেকে ট্রাকে করে চিনি ও ভোজ্যতেল বিক্রি শুরু করেছে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।টিসিবির কর্মকর্তারা জানান, প্রতি ট্রাকে দুই হাজার কেজি চিনি ও ৮০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১০৫ এবং বোতল ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে জানান, সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ট্রাকে করে চিনি ও ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ দুই কেজি চিনি ও দুই লিটার করে সয়াবিন তেল কিনতে পারবেন।যেসব স্থানে বিক্রি: ট্রাকে করে যেসব স্থানে চিনি ও তেল বিক্রি করা হচ্ছে সেগুলো হলো: শান্তিনগর বাজার, ফকিরাপুল বাজার, যাত্রাবাড়ী, মুগদা কাঁচা বাজার, মতিঝিল এজিবি কলোনি বাজার, শ্যামবাজার, পলাশী বাজার, নিউমার্কেট, কচুক্ষেত বাজার, বাসাবো বাজার, ধূপখোলা, মহাখালী বাজার, মালিবাগ বাজার, শাহজাহানপুর (খিলগাঁও) বাজার, রামপুরা বাজার, বড় মগবাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, হাতিরপুল বাজার, কাঁঠালবাগান, মৌলভীবাজার, সূত্রাপুর, রায়েরবাজার কাঁচা বাজার, মিরপুর-১ ও ৬ নম্বরের কাঁচা বাজার, কাপ্তানবাজার, শেওড়াপাড়া বাজার, কাজীপাড়া বাজার ও আগারগাঁও বাজার।