গৃহবধূ অহিদা পারভীনকে নির্যাতন করে যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী আমিনুল ইসলামকে তিন দিনের মধ্যে খুলনার আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আমিনুল ইসলামকে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার শর্তে জামিনে মুক্তির আদেশ দেন। অহিদা পারভীন প্রথম আলোকে বলেন, খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে তিনি তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ও ৩০ ধারায় মামলা করেছেন। ওই মামলার সূত্রে তাঁকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানার পুলিশ। আদালত তিন দিনের মধ্যে খুলনার আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অহিদার বাবা মিয়া আমির হোসেন প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ২১ নভেম্বর আমিনুল ইসলামের সঙ্গে মেয়ের বিয়ে দেন। গত ২৪ আগস্ট অহিদার শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে আসার জন্য বলেন। মেয়ে অহিদাকে আনতে গিয়ে তাকে অসুস্থ দেখতে পান। অসুস্থতার কারণ জানতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি এড়িয়ে যান। পরে অহিদাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে জানানো হয়, অহিদা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আঘাতের কারণে তাঁর পেটের সন্তান নষ্ট হয়ে গেছে।