স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
গাজীপুরে অগ্নিদগ্ধ গৃহবধূ ফেরদৌস আরা (২০) ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ৫ আগস্ট ফেরদৌসকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী। গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে ফেরদৌসের ভাই বাবুল হোসেন জানান, এক বছর দুই মাস আগে গাজীপুরের জয়দেবপুর উপজেলার গজারীপাড়ার বাসিন্দা পোশাকশ্রমিক হানিফ সরকারের সঙ্গে ফেরদৌসের বিয়ে হয়। কিছুদিন না যেতেই হানিফ যৌতুকের জন্য ফেরদৌসকে নির্যাতন শুরু করেন। ফেরদৌসের সুখের কথা ভেবে হানিফকে তাঁরা বিভিন্ন সময় যৌতুক দেন। তাঁরা আবার যৌতুক দেওয়ার জন্য ২০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু এর আগেই হানিফ তাঁর মা ও বড় দুই ভাইয়ের উপস্থিতিতে ফেরদৌসের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন। প্রতিবেশীরা তাঁর আগুন নেভান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার মধ্যরাতে তিনি মারা যান। বাবুল জানান, আগুন দেওয়ার ঘটনায় ফেরদৌসের স্বামী, দুই ভাশুর ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। যোগাযোগ করা হলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ফেরদৌস তিনজনের নাম উল্লেখ করে মৃত্যুকালীন জবানবন্দী দিয়েছিলেন। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।