স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলে গতকাল রোববার ফারজানা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, দিনমজুর স্বামী তাঁকে পিটিয়ে খুন করেছেন। অন্য ঘটনায় সকালে রাজধানীর ফার্মগেট থেকে মো. আনিস (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ফারজানা স্বামী মোক্তার হোসেনের সঙ্গে কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায় থাকতেন। তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করতেন আর স্বামী মোক্তার পুরোনো টাইলস পরিষ্কার করে বিক্রি করতেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, তিন-চার দিন আগে ফারজানাকে ব্যাপক মারধর করেন তাঁর স্বামী মোক্তার। মারধরের একপর্যায়ে তলপেটে লাথি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু কেউ তাঁকে হাসপাতালে নেয়নি। পরে প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে নেয়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, ফারজানার শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। গতকাল সকালে তেজগাঁও থানা পুলিশ ফার্মগেটের আনোয়ার পার্কসংলগ্ন ফুটপাত থেকে দিনমজুর আনিসের লাশ উদ্ধার করে। আনিস কারওয়ান বাজারের কুলি ছিলেন। রাতে তিনি ফুটপাতে ঘুমাতেন। গতকাল সকালে ফুটপাতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর বুকের বাম পাশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।