স্বামীর লাশ ঝুলন্ত, স্ত্রীর লাশ মেঝেতে
রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এ তথ্য জানায়।
নিহত দম্পতি হলেন আজমত আলী ও ফারজানা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান প্রথম আলোকে বলেন, বাড়িটিতে একটি এনজিওর অফিস আছে। ওই বাড়িতে একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া গেছে। তাঁরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের লাশ পাওয়া যায়। নারীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, আজমতের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ফারজানার লাশ মেঝেতে পড়ে ছিল।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান বলেন, নিহত নারী এনজিওটিতে কাজ করতেন বলে জানা গেছে। তিনি বাড়িটিতে তাঁর স্বামীকে নিয়ে থাকতেন।