স্বামীর লাশ ফ্যানে ঝুলছে, স্ত্রী খাটের সঙ্গে বাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের মণিপুরে এক বাসা থেকে গতকাল শুক্রবার রাতে সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। একই কক্ষ থেকে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর স্ত্রী শম্পা আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বেঁধে রেখে সাইফুল তাঁর সামনেই আত্মহত্যা করেছেন। সাইফুল ফার্মগেটে অবস্থিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি করতেন। তাঁর স্ত্রী শম্পা ধামরাইয়ের ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা। তাসাউফ নামের তাঁদের ছয় মাসের এক ছেলে রয়েছে।
মণিপুরে একটি পাঁচতলা বাড়ির দোতলার ভাড়া বাসা থেকে রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়। চার কক্ষের ওই বাসায় সাইফুল-শম্পা এবং শম্পার বোন-ভগ্নিপতি থাকেন।
ওই বাসায় গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসার এক কক্ষে শম্পার বোনের ছেলেকে তার গৃহশিক্ষক পড়াচ্ছিলেন। পাশের কক্ষে ছিলেন সাইফুল দম্পতি। শম্পার বোন ও ভগ্নিপতি বাসায় ছিলেন না। বসার কক্ষে সাইফুলের ছেলে ও গৃহকর্মী ছিল। ওই সময় সাইফুলদের কক্ষে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।
গৃহশিক্ষক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, পড়ানোর একপর্যায়ে তিনি পাশের কক্ষে চিৎকার-চেঁচামেচি শোনেন। ঝগড়ার মাত্রা বেড়ে গেলে তিনি গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজায় শব্দ করলেও কেউ খোলেননি। একপর্যায়ে ভেতরে শম্পা চিৎকার করে বলতে থাকেন, ‘ফাঁস দিছে, ফাঁস দিছে’। তখন তিনি (গৃহশিক্ষক) সজোরে কয়েকটি লাথি মারলে দরজা খুলে যায়। কক্ষে ঢুকে দেখেন, খাটের পায়ার সঙ্গে কাপড় দিয়ে শম্পা বাঁধা। আর ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলছেন সাইফুল। এরপর তিনি পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তিনি সাইফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠান। তাঁর ধারণা, কোনো বিষয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে বেঁধে রেখে সাইফুল আত্মহত্যা করেছেন।
রাত সাড়ে ১১টার দিকে ওই বাসায় গিয়ে দেখা যায়, খবর পেয়ে শম্পার আত্মীয়স্বজন ছুটে এসেছেন। এক স্বজনের কোলে থাকা সাইফুল দম্পতির শিশুসন্তান এদিক-ওদিক তাকাচ্ছিল। শম্পা প্রায় সংজ্ঞাহীন, প্রায় নির্বাক। শম্পাদের কক্ষের খাটে শুয়ে কাঁদছেন শম্পাদের সঙ্গে ওই বাসায় থাকা ভগ্নিপতি শফিকুল ইসলাম। সাইফুলের পক্ষের কোনো স্বজনকে তখন দেখা যায়নি।
শম্পার আরেক ভগ্নিপতি আনোয়ার হোসেন বলেন, সাইফুলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। শম্পার গ্রামের বাড়ি মানিকগঞ্জ পৌরসভা এলাকায়। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। খবর পেয়ে সাইফুলের স্বজনেরা দৌলতপুর থেকে রওনা দিয়েছেন।
ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে আনোয়ার বলেন, সাইফুল ও শম্পার মধ্যে বড় কোনো সমস্যা ছিল না। হয়তো কোনো বিষয়ে ঝগড়ার জেরে আবেগতাড়িত হয়ে সাইফুল এ ঘটনা ঘটিয়েছেন। তিনি শুনেছেন, কয়েক বছর আগে সাইফুল একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।