স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর সঙ্গে অভিমান করে মাহবুবা আক্তার (৩০) নামের এক গৃহবধূ আজ সোমবার দুপুরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় না দেওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর বড় ভাই নাজমুল আলম অভিযোগ করে বলেন, ‘বোনকে অবহেলা করতেন স্বামী মনির ফকির। বোন অসুস্থ থাকলেও ঠিকমতো তার চিকিৎসা না করিয়ে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাঁর এ অবহেলার কারণে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’ মনির নিউমার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
নিহত নারীর চাচা শাহাদত হোসেন বলেন, দুপুরে মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকার নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মাহবুবা। উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পরিবারের অভিযোগ রয়েছে, সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাহবুবা আক্তারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।