কয়েকটি নাগরিক সংগঠনের মানববন্ধন
স্বার্থান্বেষী দুষ্টচক্রকে নির্মূল করে ড্যাপ বাস্তবায়নের দাবি
ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নবিরোধী স্বার্থান্বেষী দুষ্টচক্রকে নির্মূল করে ড্যাপ বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে বিশ্বমানের রাজধানী শহর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট, ইনিশিয়েটিভ ফর পিস ও মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ)। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদাভাবে মানববন্ধন করে এই দাবি জানায় সিটিজেন রাইটস মুভমেন্ট, ইনিশিয়েটিভ ফর পিস। একই দাবিতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ডব্লিউভিএ মিলনায়তনের সামনে আরেকটি মানববন্ধন করে বামাসপ। প্রেসক্লাবের সামনের মানববন্ধনের সময় উপস্থাপিত লিখিত বক্তব্যে বলা হয়, ড্যাপ অনুমোদিত হওয়ায় কায়েমি স্বার্থান্বেষী ভূমিদস্যুরা ও তাদের সহযোগী দুষ্টচক্র বেসামাল হয়ে পড়েছে। তাদের এখন প্রতিরোধ ও পর্যায়ক্রমে নির্মূল করতে হবে। ঢাকার চারপাশের জলাশয় ও ভূমি থেকে ভূমিদস্যুদের উচ্ছেদ করতে সরকার ড্যাপ বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় তারা। মানববন্ধনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পুনর্গঠনসহ সাত দফা দাবিও তুলে ধরা হয়। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, কিছু মানুষের লোভ-লালসার শিকার হয়ে রাজধানী ঢাকা মানুষের বসবাসের অযোগ্য নগরে পরিণত হতে চলেছে। ড্যাপ বাস্তবায়নসহ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাজধানীকে বসবাসযোগ্য করার এবং ব্যক্তিস্বার্থকে প্রাধান্য না দিয়ে ড্যাপের ত্রুটিবিচ্যুতি সংশোধন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ঢাকা মহানগরবাসীর দীর্ঘদিনের দাবি ড্যাপ বাস্তবায়নে সরকার যখন উদ্যোগ নিয়েছে, তখনই ভূমিদস্যুরা চক্রান্ত শুরু করেছে। চক্রান্তকারীরা নিজেদের জনপ্রতিনিধি পরিচয় দিয়ে বলছেন, তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু তাঁরা জনস্বার্থ রক্ষার জন্য এ কথা বলছেন না। কারণ তাঁদের অনেকেরই পেশা হচ্ছে ভূমিদস্যুতা। জনস্বার্থ রক্ষার কথা বলে তাঁরা জনগণকে পথে বসান। তাঁদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। লিখিত বক্তব্যে সিটিজেন রাইটস মুভমেন্টের মহাপরিচালক তুষার রেহমান বলেন, ড্যাপ বাস্তবায়িত হলে অশুভ উপায়ে অর্থ উপার্জনের পথ বন্ধ হওয়ার আশঙ্কায় লুুটেরা ভূমিদস্যুরা বেসামাল হয়ে উঠেছে। তাই বর্তমান ড্যাপ বাতিল করে তারা নিজেদের সুবিধামতো আরেকটি তথাকথিত ড্যাপ তৈরির চেষ্টা করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস এম সৈকত বলেন, রাজধানীর নির্বাচিত জনপ্রতিনিধিদের ড্যাপ বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা দুঃখজনক। জনহিতকর কাজের বিরুদ্ধে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ রক্ষা আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ডব্লিউবিবি ট্রাস্ট, গ্রিন ভয়েস, উন্নয়ন ধারা ট্রাস্ট, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, নাগরিক সংহতিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সংহতি প্রকাশ করে। বামাসপের মানববন্ধনে বক্তারা দৃঢ়ভাবে ও জনঅধিকার রক্ষা করে ড্যাপ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ভূমিদস্যুদের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষা করে ঢাকাকে মানুষের বসবাসের উপযোগী করতে ড্যাপের বিকল্প নেই। একইভাবে রাজউককে দুর্নীতিমুক্ত করে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠনের দাবি জানান তাঁরা। এ জন্য সরকারের পাশাপাশি সব বেসরকারি উন্নয়ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। বামাসপের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এ এইচ এম নোমান, সহসভাপতি নিলুফার নাসরীন, গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ। মানববন্ধনে শতাধিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পরে ডব্লিউভিএ মিলনায়তনে সংগঠনের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।