স্বাস্থ্য ও পরিবেশের নতুন ঝুঁকি ই-বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিল হওয়া টিভি, ফ্রিজ, কম্পিউটার, মুঠোফোন, বিদ্যুৎসাশ্রয়ী বাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ইলেকট্রনিকস বর্জ্য বা ই-বর্জ্য নামে পরিচিত। দুই বছর আগেও দেশে দৈনিক গড়ে ৫০০ টনের বেশি ই-বর্জ্য তৈরি হতো। বর্তমানে তা আরও বেড়েছে। স্বাস্থ্য ও পরিবেশের নতুন ঝুঁকি এসব বর্জ্য ধ্বংস, রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার জন্য দেশে কোনো পরিকাঠামো নেই। নেই আইন কিংবা সচেতনতাও।

ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য জরুরি ভিত্তিতে নীতিমালা করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে ‘ইলেকট্রনিকস বর্জ্যের ব্যাপকতা ও অব্যবস্থাপনা, হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ দাবি জানান।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সদস্য রাজীব কুমার দত্ত। এতে বলা হয়, পরিত্যক্ত টেলিভিশন, কম্পিউটার ও এর যন্ত্রাংশ, ল্যাপটপ, ব্যাটারি, চার্জার, মুঠোফোন, বিদ্যুৎসাশ্রয়ী বাতিসহ সব ধরনের ইলেকট্রনিক পণ্য ও পণ্যের যন্ত্রাংশ ইত্যাদি ই-বর্জ্যের অন্তর্ভুক্ত।

বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এক গবেষণার তথ্য অনুসারে, ২০১৩-১৪ অর্থবছরে দেশে বাতিল হয়ে যাওয়া ই-বর্জ্যের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ১০ লাখ টন। এর মধ্যে মুঠোফোন থেকে তৈরি হয়েছে ৫১ হাজার ৫০০ টন। আর টেলিভিশন ও কম্পিউটার বর্জ্য তৈরি হয়েছে যথাক্রমে ৮ লাখ ৬০ হাজার ও ৩৪ হাজার ৪০০ টন।

বৈঠকে ইএসডিও চেয়ারম্যান শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০১২ সাল পর্যন্ত সরকার প্রায় ৮ কোটি বিদ্যুৎসাশ্রয়ী সিএফএল বাতি বিনা মূল্যে বিতরণ করেছে, যার সবই এখন পরিত্যক্ত। একটি বাতিতে সাধারণত ৮ থেকে ১০ মিলিগ্রাম মার্কারি গ্যাস আকারে থাকে। সে ক্ষেত্রে এসব বাতি থেকে যে গ্যাস নির্গত হয়েছে, তার অধিকাংশই শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের মস্তিষ্কে পৌঁছেছে। এসব বাতিতে কঠিন আকারে যে সিসা রয়েছে, তা মিশে যায় মাটিতে কিংবা পানিতে, যা খাদ্যশৃঙ্খলার ভেতর দিয়ে পুনরায় মানুষের শরীরে চলে আসে।

সভাপতির বক্তব্যে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, দেশে ১০ কোটিরও বেশি মুঠোফোন ব্যবহারকারী রয়েছেন। প্রতিবছর এসব মুঠোফোনের ১০-১২ কোটি ব্যাটারি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অনুপযোগী এসব ব্যাটারি ফেলা হচ্ছে যত্রতত্র। আর ব্যাটারির ক্ষতিকর উপাদানগুলো পরিবেশের সঙ্গে মিশে মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

ইলেকট্রনিকস বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সঙ্গে অনেক নারী ও শিশু জড়িত, যারা যথেষ্ট স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে যে বিশাল পরিমাণ ই-বর্জ্য প্রতিনিয়ত পরিবেশে মিশছে, তার ক্ষতিসমূহ বিবেচনা করে সঠিক নীতিমালা প্রণয়ন করা জরুরি।

বৈঠকে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান, পবার সহসম্পাদক মো. সেলিম, পবার সদস্য শেখ আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।