গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ৬ শতাংশে। বরাদ্দ কমে যাওয়ার অর্থ, সরকার স্বাস্থ্য খাতকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিচ্ছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাজেট ও স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন। নাগরিক সংগঠন স্বাস্থ্য আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার বলেন, গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৬ শতাংশ আর এবার ৬ শতাংশ। তিনি বলেন, বাজেট প্রস্তাবে সবার জন্য স্বাস্থ্যসেবার বিষয়টি উপেক্ষিত হয়েছে, দরিদ্রদের বিনা পয়সায় স্বাস্থ্যসেবার পর্যাপ্ত বরাদ্দ নেই।বাংলাদেশ চিকিৎসক সংসদের সাধারণ সম্পাদক এম মুসতাক হোসেন বলেন, বস্তির মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসছে না। সংবাদ সম্মেলনে শহরে জনস্বাস্থ্য কর্মসূচির আওতা বৃদ্ধি, নারীর সাধারণ স্বাস্থ্যসেবায় বরাদ্দ রাখা, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে জরুরি ওষুধ সরবরাহ করা, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বরাদ্দ রাখা, দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।