স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানোর হার গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমেছে। মোট জাতীয় আয়ের (জিডিপি) মাত্র দশমিক ৮৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ দিয়ে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির নেতারা এ মন্তব্য করেন।‘জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির নেতা আবদুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, এ বছর স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে বেড়েছিল ৯ দশমিক ০৮ শতাংশ এবং ২০১০-১১ অর্থবছরে ১৬ দশমিক ৭৪ শতাংশ। গত কয়েক বছরে প্রায় ৫০ শতাংশ হারে বরাদ্দের হার কমেছে। স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় বরাদ্দ হয়েছে সাড়ে সাত ডলার। গতবারের বাজেটে এই অর্থের পরিমাণ ছিল ৮ দশমিক ৬ মার্কিন ডলার। মতবিনিময় সভায় আলোচকেরা বলেন, বাংলাদেশের নেতা-নেত্রী ও সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে এবং বিদেশে চিকিৎসা নেন। তাই সরকারি হাসপাতালে সেবা বাড়ানোর জন্য সরকারের নীতিনির্ধারকেরা যথেষ্ট যত্নশীল নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, মাথাপিছু ৩০ ডলার ব্যয় করা না হলে কোনোভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে না। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগে যন্ত্রপাতি আনতে ১৫২ শতাংশ কর দিতে হতো, এ বছর তা কমিয়ে আনা হয়েছে তিন শতাংশে, ৪৬টি জরুরি ধরনের যন্ত্রপাতি আনার ক্ষেত্রে কর ছিল ৩৮ থেকে ৫৯ শতাংশ, এ বছর তা কমিয়ে ২৯ শতাংশ করা হয়েছে। কিন্তু এতে ওষুধের দাম কমবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। বাজেট কাগুজে, এতে কোনো দর্শন নেই। স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার বলেন, শ্রমজীবী মানুষ ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট রোগ মোকাবিলায় আলাদা কোনো বরাদ্দের কথা নেই। স্বাস্থ্য আন্দোলনের নেতা আরিফউদদীন বলেন, বাজেটে শহর, গ্রাম, পুরুষ-মহিলাভেদে বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য আছে। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ম মুজাহেরুল হক, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লেনিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সদস্যসচিব নিতাই কান্তি দাস।