স্বাস্থ্য-ব্যবসায়ীদের অশুভ চক্র থেকে মানুষকে মুক্ত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য-ব্যবসায়ীদের অশুভ চক্র থেকে জনগণকে মুক্ত, চিকিৎসাসেবা বেসরকারীকরণ বন্ধ ও সবার জন্য মানসম্মত চিকিৎসা-সুবিধার দাবি জানিয়েছে নাগরিক সংগঠন জনগণের ঢাকা আন্দোলন। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে চিকিৎসাব্যয়কে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়ার তৎপরতার প্রতিবাদ এবং সব নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসুবিধা নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে গরিব মানুষের চিকিৎসার শেষ ভরসাটাও আর থাকবে না। তাঁরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত পিজি হাসপাতালের চিকিৎসাসেবার কোনো উন্নতি না হলেও হাসপাতালটি ইতিমধ্যেই এত ব্যয়বহুল হয়ে পড়েছে যে শ্রমজীবী মানুষ দূরের কথা, মধ্যবিত্তের পক্ষেও তা বহন করা কষ্টকর। বাকি মেডিকেল কলেজগুলোকেও এইভাবে বিশ্ববিদ্যালয় করার নাম করে চিকিৎসাসেবাকে জনগণের হাতের নাগালে পাঠিয়ে দিয়ে রমরমা স্বাস্থ্য-ব্যবসার বন্দোবস্ত করা হচ্ছে।’বক্তারা বলেন, সরকারি গবেষণায় দেখা গেছে, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার পরিমাণ বহুগুণ বেড়েছে, আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার। ওষুধ কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার আর স্বাস্থ্য ব্যবসায়ীদের অশুভ আঁতাত জনগণকে রীতিমতো জিম্মি করছে।জনগণের ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী, বাংলাদেশের কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, সিটিজেন রাইটস মুভমেন্টের আহ্বায়ক তুষার রহমান, নদীপথ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আমিনুল রসুল, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।বক্তারা বলেন, ইতিমধ্যে বহুসংখ্যক বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠেছে, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান নিয়ে একদিকে যেমন গুরুতর প্রশ্ন উঠেছে, অপর দিকে এভাবে চিকিৎসা খাতে বাণিজ্যিক মনোবৃত্তিকে আরও উৎসাহিত করা হচ্ছে।