করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির আওতাধীন কাঁচাবাজার ও বিপণি বিতানগুলোতে এই অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি ভঙ্গের জন্য ৫৩টি মামলায় মোট দুই লাখ ৬২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএনসিসির অঞ্চল-৫ এর মোহাম্মদপুর ও আসাদগেট এলাকায় গতকাল বিকেলে অভিযান চালান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। অভিযানে আসাদগেটে আড়ংয়ের আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি প্রথম আলোকে বলেন, বিপণি বিতানগুলোতে ধারণক্ষমতা অনুযায়ী ক্রেতা প্রবেশের নির্দেশনা আছে। কিন্তু আড়ংয়ের আসাদ গেট আউটলেটে ক্রেতার প্রচণ্ড ভিড় দেখা গেছে। ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা বা উদ্যোগও কর্তৃপক্ষের ছিল না। আড়ংয়ের এই আউটলেটের ভেতরে কয়েকটি শিশুকে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছিল। এসব কারণে আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তাজওয়ার আকরাম সাকাপি আরও বলেন, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের একটি রেস্তোরাঁয় মুখে মাস্ক না থাকায় এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ট্রেড লাইসেন্সের কর ফাঁকি দেওয়ায় টোকিও স্কয়ারের দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য মোট ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে দুই লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিপণিবিতান খোলা রাখার শর্ত ছিল। কিন্তু অনেকেই তা মানছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়াতেই আড়ংকে জরিমানা করা হয়েছে।