স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। সেই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরে লিখিত বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, চলতি বছরের ১৬ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো কিন্ডারগার্টেনগুলোও বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত বন্ধই আছে।
এম ইকবাল বাহার চৌধুরী বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। এসব প্রতিষ্ঠানের পরিচালকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তা ছাড়া এসব শিক্ষকের আরেকটি উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। তিনি আরও বলেন, এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে বিকসকপের আবেদন, তিনি যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষকদের আর্থিক সহায়তা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকসকপের মহাসচিব সাফাতে হোসেন, ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার, হাবিব উল্লাহ, এ বি সিদ্দিক, আনিসুর রহমান প্রমুখ।