সরকারি স্যানিটেশন সামগ্রী ও গভীর নলকূপ অনিয়ম ও দুর্নীতির কারণে তৃণমূল পর্যায়ে পৌঁছায় না। গ্রামের দরিদ্র মানুষ তাই আজও স্বাস্থ্যসম্মত পয়োব্যবস্থা ও বিশুদ্ধ পানির নাগাল পায় না।রাজধানীর জাতীয় শিশু একাডেমী মিলনায়তনে গতকাল বুধবার সকালে ‘তৃণমূল জনগোষ্ঠীর জাতীয় সম্মেলন’-এর প্রথম পর্বে বিভিন্ন অঞ্চলের তৃণমূল প্রতিনিধিরা এই অভিযোগ তুলে ধরেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দুর্গম এলাকার জন্য স্যানিটেশন’। এর আয়োজন করে ফ্রেশ ওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক, তৃণমূল জাতীয় ফেডারেশন, প্ল্যান বাংলাদেশ, ওয়াটার এইড বাংলাদেশ এবং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল-বাংলাদেশ। সম্মেলন অনুষ্ঠানের আগে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।সম্মেলনে খুলনার উপকূলীয় এলাকার তৃণমূল প্রতিনিধি হিমানী মিস্ত্রি বলেন, উপকূলীয় এলাকার পানি এমনিতেই লবণাক্ত। বিশুদ্ধ পানির জন্য সরকার গভীর নলকূপসহ অন্য যেসব সরঞ্জাম পাঠায়, স্বজনপ্রীতির কারণে সেগুলো সঠিক জায়গায় পৌঁছায় না। চর ও মঙ্গা এলাকার প্রতিনিধি সহিদুর রহমান বলেন, জামালপুরে চরাঞ্চলে কাগজে-কলমে ৭২ শতাংশ স্যানিটেশন ব্যবস্থা রয়েছে বলা হলেও বাস্তবে আছে ৩৫ থেকে ৪০ শতাংশ।এ ধরনের আরও অভিযোগ তুলে ধরেন রাজশাহীর বাগমারার কামার বাড়ির অন্তরা বেগম, সুনামগঞ্জের হাওর অঞ্চলের চিত্তরঞ্জন দাস, সিলেট চা-বাগানের কানুদাস মিস্ত্রি, নদীভাঙন এলাকার হেলেনা বেগম, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে নাসিরউদ্দিন ও রাজধানীর বস্তি এলাকার হোসনে আরা।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোয়েনা আজিজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার বিষয়ে তৃণমূল প্রতিনিধিদের সমস্যার কথা স্বীকার করেন।সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল। আরও বক্তব্য দেন কনভেনশনের সভাপতি ও তৃণমূল জাতীয় ফেডারেশনের সভাপতি ফাতেমা আক্তার ও বাংলাদেশে ওয়াটার এইড প্রতিনিধি খায়রুল ইসলাম।সম্মেলনের দ্বিতীয় পর্বে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান ভবিষ্যতেও এ ধরনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অব্যাহত রাখা জরুরি বলে উল্লেখ করেন এবং বিত্তবানদের তৃণমূলদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।