স্বাস্থ্যসেবাই যেন মূল লক্ষ্য হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু উদ্যোগ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সেবাটাই যেন মুখ্য হয়, প্রযুক্তির ব্যবহার যেন কর্মকাণ্ডের প্রধান বিষয়ে পরিণত না হয়। গতকাল রোববার পরিকল্পনা কমিশনে ‘ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার: বিষয়ভিত্তিক জাতীয় সংলাপে’ অংশগ্রহণকারীরা এ কথা বলেন। গতকালের সংলাপ ছিল স্বাস্থ্য বিষয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় এই সংলাপের আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বলেন, ‘স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করার আগে আরও নিবিড়ভাবে প্রস্তুতি নেওয়া দরকার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোথায় যেতে চাই, তা স্পষ্ট হওয়া দরকার।’ তিনি বলেন, এ ক্ষেত্রে মানবসম্পদ একটি বড় বাধা। দেশে অনেক ভালো উদ্যোগ আছে, অনেকে বিচ্ছিন্নভাবে কাজ করছেন। সেসব কাজের সমন্বয় হওয়া দরকার।স্বাগত বক্তব্যে সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের নীতিমালা তৈরির বিভিন্ন খাত ধরে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে নয়টি বিষয়ে সংলাপ শেষ হয়েছে। আর দু-তিনটি বিষয় নিয়ে সংলাপ শেষে নীতিমালা চূড়ান্ত করা হবে।স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন এই কর্মসূচির পরামর্শক মাহরুখ মহিউদ্দিন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবার মান বৃদ্ধির ভালো বেশ কিছু উদাহরণ আছে। দরকার সেগুলোর আওতা বাড়ানো। তিনি বলেন, এ ক্ষেত্রে মূল উদ্দেশ্য হবে সেবার মান বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার নয়।তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মসূচির নীতিপরামর্শক আনির চৌধুরী বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র তৈরি করা হবে। তিনি বলেন, এর উদ্দেশ্য মানুষের কাছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসহ নানা ধরনের সেবা পৌঁছে দেওয়া, তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়া নয়।