চাচা, চাচি ও দাদিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তৌফিকুর রহমান ওরফে সুমন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহূত আরও দুটি ছুরিসহ আরেক খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো ঘটনার পেছনের ব্যক্তিদের সম্বন্ধে নিশ্চিত হতে পারেনি পুলিশ।গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমানকে (৪৫) গুলি ও ছুরিকাঘাতে খুন করেন তৌফিকুর ও তাঁর সহযোগীরা। খুনি তৌফিকুর নিহত ব্যবসায়ী মিজানুরের ছোট ভাই জাহিদুর রহমানের বড় ছেলে। এর আগে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি, রিভলবার, লুট করা মোবাইল ও কয়েকটি গয়না উদ্ধার করে পুলিশ।চার দফা রিমান্ডে থাকার পর গত মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌফিকুর। জবানবন্দিতে তিনি ওই তিনজনকে হত্যার কথা স্বীকার করেন।ঘটনার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান জানান, তৌফিকুরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাঁদের একজন তাঁর বন্ধু দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ারের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি ছুরি ও বীথি রহমানের গলার হার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার থেকে দেলোয়ারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।