স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফয়সাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক ক্লিনিকের খণ্ডকালীন চিকিৎসক সাজিয়া আফরিন হত্যায় গ্রেপ্তার একই ক্লিনিকের কর্মচারী মো. ফয়সাল গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, সকালে ফয়সালকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি সাজিয়াকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করে বলেন, বাধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণখানের আমতলায় ব্র্যাক ক্লিনিকে খুন হন সাজিয়া। পরদিন শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তাঁর বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই ফয়সাল পলাতক ছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শামুগ্রামে অভিযান চালিয়ে নানার বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।