স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাগরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের টাকা জোগাড় করতেই পুরান ঢাকার ব্যবসায়ী বিভূতিরঞ্জনকে জবাই করে হত্যার চেষ্টা ও তাঁর ছেলেকে পানিতে ডুবিয়ে খুন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তাজুল ইসলাম সাগর গতকাল আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।পুলিশ সূত্র জানায়, জবানবন্দি গ্রহণের পর সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সাগর আদালতে বলেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিভূতিরঞ্জনের বাসার দরজায় কলবেল চাপেন। বিভূতিরঞ্জন দরজা খুলে দেন। ওই সময় বাসায় ছিলেন বিভূতিরঞ্জন ও তাঁর একমাত্র ছেলে দীপ্ত দাস শুভ। নানা কথাবার্তার এক ফাঁকে তিনি বিভূতির কাছে টাকা দাবি করেন। বিভূতি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর ক্ষিপ্ত হয়ে তাঁর গলায় বঁটি ঠেকিয়ে জিম্মি করেন। এরপর তাঁর হাত-পা বেঁধে ফেলেন। এ সময় ছেলে দীপ্ত চিৎকার করে উঠলে তাকে ধরে নিয়ে বাথরুমে পানির ড্রামের ভেতরে চুবিয়ে রাখেন। এরপর আলমারি খুলে তিন হাজার ৭০০ টাকা নেন। বিভূতি চিৎকার দেওয়ার চেষ্টা করলে বঁটি দিয়ে তাঁর গলায় আঘাত করেন। তিনি টাকা নিয়ে বাসার পাঁচতলা থেকে প্রথমে পাইপ বেয়ে তিনতলা পর্যন্ত নেমে যান।মামলার তদন্তকারী কর্মকর্তা গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও দা সাগরের দেখানো জায়গা থেকে বিভূতিরঞ্জনের বাসার টেলিভিশনের পেছন থেকে উদ্ধার করা হয়।এদিকে দীপ্ত হত্যার বিচারের দাবিতে গতকাল সকালে গেণ্ডারিয়া হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। তারা কালো ব্যাজ পরে আধঘণ্টা গেণ্ডারিয়া থানার সামনের রাস্তা থেকে সূত্রাপুর থানার সামনের রাস্তায় অবস্থান নেয়।