রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় বড় বোন রেখা রহমানকে কুপিয়ে খুন করার কথা স্বীকার করেছেন ছোট ভাই মিঠুন বালা। আদালতকে তিনি বলেন, বড় বোন রেখা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁকে খুন করা হয়। মহানগর ম্যাজিস্ট্রেট এ কে আজাদ গতকাল শনিবার তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।গত বৃহস্পতিবার সবুজবাগ থানার মাদারটেকের একটি বাসায় বোন রেখা রহমানকে কুপিয়ে হত্যা করেন তাঁরই সৎভাই মিঠুন বালা। খুন করার পর মিঠুন ওই বাড়ির মালিককে ডেকে পুলিশে খবর দিতে বলেন। এরপর রাতেই পুলিশ চাপাতিসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ছেলে মিঠুনের বিরুদ্ধে সবুজবাগ থানায় হত্যা মামলা করেন বাবা জিতেন বালা। পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে মিঠুন বালাকে থানা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে আজাদের আদালতে পাঠানো হয়। সেখানে মিঠুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, জবানবন্দিতে মিঠুন তাঁর বোনকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এদিকে রেখার স্বামী কামরুল হাসানের মামা ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে জায়গা-জমি নিয়ে তাঁদের ভাইদের সঙ্গে রেখার দ্বন্দ্ব চলে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে মিঠুন তাঁর সৎবোন রেখাকে খুন করেন। তিনি জানান, রেখা প্রায়ই গোপালগঞ্জে গ্রামের বাড়িতে যেতেন। তখন তিনি জানতে পারেন, ভাইদের সঙ্গে জায়গা-জমি নিয়ে রেখার দ্বন্দ্ব চলছে। গত শুক্রবার রাতে রেখার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নেওয়া হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জানাজার পর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।