একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অপহৃত দুই ছাত্রকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত শুক্রবার রাতে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অপহরণে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল লতিফকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে নোমান ওরফে নয়ন (২৫) ও মুকিত (২১) নামে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে অপহরণ করা হয়। দুই ছাত্রের স্বজনদের পক্ষ থেকে এ ঘটনায় তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ডিবি অপহৃতদের উদ্ধারে তদন্ত শুরু করে।
ডিবির কর্মকর্তারা জানান, নয়ন ও মুকিত তাঁদের জার্মানপ্রবাসী এক বান্ধবীর মাধ্যমে কুয়েতপ্রবাসী এক ব্যক্তিকে সেখান থেকে জার্মানিতে পাঠানোর নাম করে কিছু টাকা নেন। তাঁরা ওই প্রবাসী ব্যক্তিকে জার্মানপ্রবাসী বান্ধবীর সঙ্গে কথা বলিয়ে দিতেন। নয়ন ও মুকিতের দাবি, তাঁরা প্রবাসী ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। ওই টাকা দিয়ে দুজনে একটি নতুন মোটরসাইকেল কিনেছেন। তবে প্রবাসী ব্যক্তির পরিবারের দাবি, নয়ন ও মুকিত ১৪ লাখ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পর অনেক দিন তাঁদের কোনো খোঁজ ছিল না। এরপর ওই প্রবাসীর আত্মীয় জুয়েল কয়েকজনকে নিয়ে নয়ন ও মুকিতকে উত্তরার একটি মেস থেকে ধরে এনে দুই দিন আটকে রাখেন। জুয়েল অপহরণ করা দুই ছাত্রকে নিয়ে মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল লতিফের কাছে যান পাওনা টাকা উদ্ধারের জন্য। এরপর আবদুল লতিফ অপহৃত একটি ছেলের পরিবারকে ফোন করে পাওনা টাকা দিতে বলেন। পুলিশের পরামর্শে ফোন ধরেন মুকিতের মা। তিনি টাকার জন্য লতিফকে যেতে বলেন। এ সময় ওত পেতে থাকা ডিবি পুলিশ লতিফকে আটক করে।