শেখ হাসিনাকে স্বৈরাচার এবং খালেদা জিয়াকে রাজাকারের সঙ্গ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিবি ও বাসদের নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে দেশব্যাপী সাম্প্রদায়িকতাবিরোধী দিবস পালন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা প্রসঙ্গে বলেন, জামায়াত-শিবিরের এই চেহারা নতুন কিছু নয়। একাত্তরের পরাজিত এই শক্তি বিএনপি-আওয়ামী লীগের প্রশ্রয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই তৎপরতা চালানো হচ্ছে বলে সেলিম অভিযোগ করেন।সমাবেশে অবিলম্বে সাম্প্রদায়িক গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বজলুর রশীদের পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন বাসদের নেতা খালেকুজ্জামান, শাহ আলম প্রমুখ। শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।