নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় সংসদও জাতীয় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ নব্বইয়ের গণ-অভ্যুত্থানের প্রাণপুরুষদের নিয়ে ওই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমদ বলেন, ‘আজকের শাসকের বন্ধু সেদিনের স্বৈরাচার, এটা দুঃখজনক।’প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারীর পতন হয়নি। দেশে এখনো গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, ‘আমি চাই না দেশে আগুন জ্বলে উঠুক। কিন্তু মনে হচ্ছে, আগুন জ্বলে উঠবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার এরশাদের সঙ্গে মিশে দেশে নতুন স্বৈরাচারের জন্ম হয়েছে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ওই সময়ের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘আজকের এত সংবাদপত্র নব্বইয়ের আন্দোলনের ফসল। অতীতে যারাই সংবাদপত্রের টুঁটি চেপে ধরতে চেয়েছিল, তাদেরই পতন হয়েছে।’জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু পরাজয় হয়নি। আমরা কখনো তাকে ক্ষমতায় দেখতে চাই না।’ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেন, ‘যে গণতন্ত্র আর মানবাধিকারের জন্য সেদিন আন্দোলন করেছিলাম। আজ তা কোথায়? আজ আরেকটি নব্বই সৃষ্টি করার সময় এসেছে।’ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার, চিকি ৎসক এম এ মাজেদ, সাংবাদিক আমানউল্লাহ কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, বিএনপি ও যুবদলের নেতাদের মধ্যে রফিকুল ইসলাম মিয়া, বরকতউল্লা বুলু, ফজলুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।