স্মৃতিময় ৭৬৫ নম্বর বাড়িতে প্রদর্শনী ‘একাল-সেকাল’
রাজধানী ঢাকায় বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ধানমন্ডির সাতমসজিদ রোডের ৭৬৫ নম্বর বাড়ি। সেটি এখন ‘উত্তরসূরী: নুরজাহান-সারওয়ার মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র।’ মাসব্যাপী নানা কার্যক্রম শুরু করেছে এই সাংস্কৃতিক সংস্থা। আজ শুক্রবার সেখানে উদ্বোধন করা হয় প্রদর্শনী ‘একাল-সেকাল’। সকালে শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের ৯৮তম জন্মদিন উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
স্মৃতিময় ৭৬৫ নম্বর বাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় পঞ্চাশ-ষাট দশকের গুণী রাজনীতিক ও সমাজচিন্তক খান সারওয়ার মুরশিদকে।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আজকের বাংলাদেশে আমরা যে উত্তরসূরি করতে চাই, সেখানে তরুণদের আনা খুব কঠিন। আমাদের দেশে হতাশার মতো মারাত্মক ব্যাধি দেখা দিয়েছে, যা করোনার চেয়ে ক্ষতিশীল। আমাদের সংস্কৃতিতে বিষণ্নতা রয়েছে। আমাদের আচার-আচরণে বিষণ্নতা আছে। কিন্তু আমাদের সংস্কৃতিতে তো বিদ্রোহও আছে। সেটাকেই আমরা ধারণ করতে চাই। এর মূল জায়গা হচ্ছে প্রশ্ন করা।
আমাদের প্রশ্ন করতে হবে—কী হচ্ছে, কেন হচ্ছে, এসবের প্রতিকার কী? এই প্রশ্নগুলো আমাদের পূর্বসূরিরা তুলেছেন, এই প্রশ্নগুলো আমাদের উত্তরসূরিদের তুলতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, ‘সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে খান সারওয়ার মুরশিদ ও নূরজাহান মুরশিদ পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়ও শরণার্থীশিবির থেকে শুরু করে মন্ত্রিসভা পর্যন্ত তাঁদের পরামর্শ ও উপদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
অনুষ্ঠানে ‘উত্তরসূরী’র উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এর পরিচালক শিল্পী মোস্তফা জামান। বক্তব্য দেন উত্তরসূরীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ। তিনি বলেন, ‘খান সারওয়ার মুরশিদ তৎকালীন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক শূন্যতার মাঝে নানা জিজ্ঞাসা ও চিন্তার বিকাশের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি বিশ্বাস করতেন, সুস্থ সমাজ গড়ে তুলতে মানুষের পারস্পরিক বোঝাপড়ার একটা ক্ষেত্র তৈরি করার বিকল্প নেই।’ উত্তরসূরীর আহ্বানে জমা পড়া শিল্পকর্মের মধ্য থেকে পুরস্কারপ্রাপ্ত শিল্পীর নাম ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে খান সারওয়ার মুরশিদের জীবন নিয়ে মূল প্রবন্ধ পড়েন মন্ময় জাফর। নিজের শিক্ষক মুরশিদের ব্যক্তিত্ব, বাঙালি হয়েও তাঁর চিন্তার আন্তর্জাতিকতা, আধুনিক ইংরেজি ও ফরাসি সাহিত্য পড়ানোর দক্ষতা, ধর্মনিরপেক্ষতার মতো গুণাবলির কথা তুলে ধরেন।
আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, গবেষক মাহমুদ শাহ কোরেশী, অধ্যাপক ফখরুল আলম, দীপ্ত টিভির কর্ণধার জাহিদ হাসান, টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ, শিল্পী রোকেয়া সুলতানা, ভাস্কর হামিদুজ্জামান খান, আইভী জামান প্রমুখ।
সকালের অনুষ্ঠান শুরু হয় অরুপ রাহীর গান দিয়ে। বিকেলের অধিবেশনেও ছিল তাঁর দলের পরিবেশনা। ‘একাল-সেকাল’ প্রদর্শনীতে স্থান পেয়েছে আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ, নাইব উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, নাসির আলী মামুনের আলোকচিত্র, বেগার্টে সংরক্ষিত মঞ্জুর আলম বেগের আর্কাইভ ও খান সারওয়ার মুরশিদ ও নূরজাহান মুরশিদের আর্কাইভ থেকে নথি, ব্যবহার্য বস্তু ও বইপত্র। এ ছাড়া আরও রয়েছে কাজী সালাউদ্দিন আহমেদ, কাজী ইস্তেলা ইমাম, ফারজানা ইসলাম উর্মি, মুস্তাফা জামান, তেজস হালদার জস, হামিম কামাল, সায়কা শবনম চৌধুরী, সানজিদ মাহমুদের শিল্পকর্ম। ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে।
কাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হবে।