স্মৃতির জানালায় ’৭১
৩৯ বছর আগের কথা। ড. সাদত আলী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের আবাসিক শিক্ষক। ১৯৭১ সালের এপ্রিল মাসের এক দিন শিক্ষক কোয়ার্টার থেকে বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যান। আর ফেরা হয়নি তাঁর। সাদত আলীর ভাগ্যে কী ঘটেছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে পরে জানা যায়, নীলক্ষেত এলাকা থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে ধরে নিয়ে গিয়েছিল। স্বাধীনতার পর অনেকেই নিজভূমে ফিরেছেন, কিন্তু ফেরেননি সাদত আলী। সাদত আলীর মতো লাখো মানুষের জীবনের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার ৪০তম বার্ষিকীর উপকণ্ঠে দাঁড়িয়ে এই সাদত আলীসহ সূর্য সেন হলের সাত শহীদ ছাত্রের স্মৃতিকে অমর করার উদ্যোগ নিয়েছে সূর্য সেন হল কর্তৃপক্ষ। তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে হল কর্তৃপক্ষ। হল অঙ্গনে ‘স্মৃতির জানালায় ৭১’ শীর্ষক এ স্তম্ভটি আজ ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রাত ১২টা এক মিনিটে স্তম্ভটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।শহীদ সাতজন ছাত্র হলেন—ইতিহাস বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের জিল্লুর মুরশিদ, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের বদিউল আলম ও একই বিভাগের প্রথম বর্ষের মনিরুজ্জামান, আবদুর রহিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আতাউর রহমান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শামসুজ্জামান ও ভূগোল বিভাগের প্রথম বর্ষের আমিরুল ইসলাম। হলের প্রাধ্যক্ষ খোন্দকার আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, এই সাতজনের সবাই বিশ্ববিদ্যালয়ের ১৯৬৮-১৯৬৯ ও ১৯৬৯-১৯৭০ ব্যাচের ছাত্র। দীর্ঘদিন চলে যাওয়ায় শহীদ এই ছাত্রদের সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। হলের পুরোনো ফাইল ঘেঁটে তাঁদের ব্যক্তিগত নথি থেকে কিছু তথ্য বের করা হয়েছে। প্রাধ্যক্ষ বলেন, স্বাধীনতাযুদ্ধে প্রাণ দেওয়ায় তাঁরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো বাঙালি জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই এ স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। শহীদ সাতজন ছাত্রের মধ্যে পাঁচজনের বাড়ির ঠিকানা পাওয়া গেলেও বাকি দুজনের পাওয়া যায়নি। সাদত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন, কিন্তু তাঁর জীবন ও কর্ম নিয়ে ইনস্টিটিউটে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর সহকর্মী কামরুন্নেসা স্মৃতি হাতড়ে জানালেন দু-চারটি কথা। কামরুন্নেসা বর্তমানে অনারারি অধ্যাপক হিসেবে ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। তিনি ও সাদত আলী ১৯৬৬ সালে আমেরিকায় একই সঙ্গে পিএইচডি ডিগ্রি নিতে যান। কামরুন্নেসা বলেন, ‘খুবই নরম প্রকৃতির মানুষ ছিলেন সাদত আলী। কারও সাতে-পাঁচে ছিলেন না তিনি। এত ভালো একজন মানুষকে কেন ধরে নিয়ে গেল, তা এখনো বুঝতে পারি না।’স্তম্ভের নকশা করেছেন হলের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মোতালেব। তিনি জানান, বেদিসহ স্তম্ভটির উচ্চতা আট ফুট। শহীদদের নাম শ্বেতপাথরে খোদাই করে স্তম্ভের মাঝখানে সেঁটে দেওয়া হবে। স্তম্ভের সৌন্দর্য বাড়ানোর জন্য এর সামনে একটি ফোয়ারা নির্মাণ করা হয়েছে। ফোয়ারার পানিতে আলোর ঝলকানি পুরো স্তম্ভকে ঘিরে এক স্বর্গীয় আবহ তৈরি করবে।