স্যাকারিন ও কাপড়ের রং দিয়ে টেস্টি স্যালাইন!
গরমের ক্লান্তি মেটাতে অনেকেই টেস্টি খাওয়ার স্যালাইন খেয়ে থাকেন। কিন্তু এসব স্যালাইন কোথায়, কীভাবে তৈরি হচ্ছে অনেকেই তা জানেন না। একটি কারখানায় এ রকম স্যালাইন তৈরিতে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ স্যাকারিন ও কাপড়ে ব্যবহার করার রং। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার পুরান ঢাকার হাজারীবাগের ওই কারখানায় অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। ওই কারখানাসহ দুটি কারখানাকে গতকাল আড়াই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। তা ছাড়া, দুটি প্রতিষ্ঠানের মালিককেই কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি কারখানাই বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন। এর একটিতে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে স্যালাইন ও চকলেট এবং অন্যটিতে অনুমোদনহীন বোতলজাত ভোজ্যতেল, চকলেট, জুসসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় মফিদুল আলমের মালিকানাধীন বনলতা ফুড অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে বাজারের খোলা সয়াবিন ও সরিষার তেল নিজের নামে বোতলজাত করা হচ্ছিল। এ ছাড়া সেখানে বনলতা কুলসুম সেমাই, লাচ্ছা সেমাই, বিস্কুট, নুডলস, ব্ল্যাক ফাইবার মশার কয়েল, লিচু, কাপড় কাচার সাবান ও ললিপপসহ ২৭টি পণ্য তৈরি হয়। এসব পণ্য তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েও মানচিহ্ন ব্যবহার করা হয়।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বিভিন্ন পণ্য তৈরি ও তৈরি পণ্যের প্যাকেটের গায়ে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মফিদুল আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাইসেন্সবিহীন পণ্য বাজারজাত করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আদালত হাজারীবাগের ৬২, বাড্ডানগর লেনে অবস্থিত ডিজনি ফুড প্রোডাক্টসে অভিযান চালান। সেখানে নিষিদ্ধ স্যাকারিন ও কাপড়ে ব্যবহার করার রং দিয়ে তৈরি হচ্ছিল টেস্টি খাওয়ার স্যালাইন, রসনা সফট ড্রিংক পাউডার, চুইংগাম ও চকলেট। এসব তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকলেও মানচিহ্ন ব্যবহার করা হয়েছে। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক আবদুল লতিফকে তিন মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।ভেজালবিরোধী অভিযানে উপস্থিত শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামি মফিদুল আলম ও আবদুল লতিফকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের কয়েকজন কর্মকর্তা, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।