স্যুটকেসের ভেতর থেকে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকা থেকে মো. সুমন (২৪) নামের এক যুবকের খণ্ডিত লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবিহীন রিকশায় রাখা একটি স্যুটকেসের ভেতর থেকে তাঁর মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিকশাচালক ওয়ালিউল্লাহকে আটক করে পুলিশ। ওয়ালিউল্লাহর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওহাব কলোনির এক বাসা থেকে সুমনের মাথা উদ্ধার করা হয়।
সুমন বাসাবোর এক দোকানের কর্মচারী ছিলেন বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে বাসাবোর আহমেদবাগে ওয়ালিউল্লাহ তাঁর রিকশায় করে একটি স্যুটকেস নিয়ে যাচ্ছিলেন। স্যুটকেসের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে সন্দেহ হয় আশপাশের লোকজনের। তাঁরা রিকশা থামিয়ে স্যুটকেস খুলে একটি মাথাবিহীন লাশ দেখতে পান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ লাশ উদ্ধার করে।
ডিসি আনোয়ার হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়ালিউল্লাহর দেওয়া তথ্য অনুসারে ওহাব কলোনিতে তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই যুবকের মাথা পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, যুবকের নাম সুমন। সুমন বাসাবোর একটি কনফেকশনারির দোকানের কর্মচারী। সেই দোকানটি ওয়ালিউল্লাহর বাসার কাছাকাছি। হত্যার কারণ সম্পর্কে ডিসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ওয়ালিউল্লাহর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। রিকশাচালক নিজেই হত্যা করেছেন কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি। নিহত সুমনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঢাকায় এলে মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।