সড়ক ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সড়ক, অলিগলি ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। নির্দেশ পালিত হচ্ছে কি না তা আজ রোববার পরিদর্শন করবেন মহানগর পুলিশের কর্মকর্তারা। এ সময় কোনো ধরনের নির্মাণসামগ্রী কিংবা হকারদের রাস্তায় পেলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।মহানগর পুলিশ সদর দপ্তর থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসিকে) কাছে গতকাল শনিবার পাঠানো এক নির্দেশে এ কথা বলা হয়। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এই নির্দেশে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার জন্য শনিবারের মধ্যে সব রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যেসব স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হকাররা মালামাল বিক্রি করেন, সেখান থেকে তাঁদের পুরোপুরি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ১৯৭৬-এর ৭২(ক) ধারা মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে রাজধানীর অনেক এলাকায়ই এ নির্দেশনা মানা হয়নি বলে জানা গেছে। রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ডের উত্তর দিকের ফুটপাতের ওপর সাইনবোর্ড লাগিয়ে একটি দলের কার্যালয় বানানো হয়েছে। এ ছাড়া মিরপুরের অনেক এলাকার ফুটপাত দখলমুক্ত হয়নি।তবে পুরান ঢাকার রায়সাহেব বাজার, ইংলিশ রোড, নয়াবাজার, নবাবপুর রোড, সুন্দরবন স্কয়ার মার্কেট এলাকার ফুটপাত থেকে ব্যবসায়ীদের মালামাল, ভ্যান, ঠেলা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন গাড়ি সরিয়ে দেওয়া হয়।বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক গৌতম রায় প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ১০টা থেকে লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামরুজ্জামানের নেতৃত্বে ফুটপাত থেকে বিভিন্ন মাল, যানবাহন ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য তিনি ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা কামনা করেন।লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ফুটপাত এখন থেকে জনগণের চলার জন্য উন্মুক্ত থাকবে। ধারাবাহিকভাবে তাদের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।এ ছাড়া গতকাল পুরান ঢাকার নয়াবাজার ডিআইটি মার্কেটের সামনে, নয়াবাজার ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট ও সিরাজ-উদ-দৌলা পার্ক সংলগ্ন এলাকার প্রায় অর্ধশতাধিক ফলের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ কারণে গতকাল সকাল থেকে নয়াবাজারসহ আশপাশের এলাকায় কোনো যানজট চোখে পড়েনি।