সড়ক খননে মানা হচ্ছে না নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম না মেনে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে শেওড়াপাড়া এলাকায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
নিয়ম না মেনে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে শেওড়াপাড়া এলাকায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রাজধানীর সড়ক খনন ও পুনর্নির্মাণের নীতিমালা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। নীতিমালা অনুযায়ী দুটি সিটি করপোরেশনের ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল আছে, অথচ অনেক ক্ষেত্রেই সেল কার্যকর ভূমিকা পালন করছে না। তবে দুটি করপোরেশনেরই দাবি,Ñ দাতা সংস্থার তহবিল ব্যবহারের ক্ষেত্রেও এবং অনিবার্য কিছু কাজ ছাড়া নীতিমালা বেশির ভাগ ক্ষেত্রেই পালন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক খনন সমস্যা কমিয়ে আনতে ২০০৩ সালে ঢাকার সড়ক খনন নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণের জন্য নীতিমালাটি প্রণীত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত ‘ঢাকা শহরে সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক সেলের পরামর্শক্রমে ওই নীতিমালাটি তৈরি হয়। তবে নীতিমালাটি যে কমই মানা হয়, তার একটি বড় প্রমাণ রাজধানীর বিভিন্ন সড়কে বর্ষা মৌসুমেও চলা খননকাজ। নাগরিক সমাজের পাহাড়প্রমাণ অভিযোগ এবং প্রচারমাধ্যমে বহুবার বিষয়টি উঠে আসার পরও এ ব্যাপারে বিশেষ অগ্রগতি নেই। এক সংস্থার খোঁড়াখুঁড়ির পর পুনর্নির্মাণে যায় দীর্ঘ সময়। আবার পুনর্নির্মাণের কিছুদিনের মধ্যে আবার অন্য সংস্থার খোঁড়াখুঁড়ির বিষয় নিয়মিত ঘটছে।
নীতিমালায় যা আছে: নীতিমালায় সার্বিক বিষয়ের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি ‘মনিটরিং সেল’ গঠন করার কথা বলা আছে। নীতিমালা অনুযায়ী খননের অনুমতি দেওয়ার সময় সড়কের নিচে পানি, পয়ো, গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ ইত্যাদি লাইন বা ব্যবস্থার পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাকে খননের সময় বেঁধে দেওয়া হয়। আবেদনকারীর জন্য সড়ক খননের পদ্ধতি, ব্যবহৃত যন্ত্রপাতির বিবরণ, সময়সূচি, জননিরাপত্তা ব্যবস্থা, খননকৃত মাটি-রাবিশের অপসারণ ও প্রাথমিক পুনর্বাসন পরিকল্পনা এবং প্রযোজ্য ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। নীতিমালায় রয়েছে, খনন শুরুর ১৫ দিন আগে এলাকায় মাইকে ও লিফলেটের মাধ্যমে প্রচার করা, প্রয়োজনীয় জননিরাপত্তামূলক কার্যক্রম হাতে নেওয়া, সাইনবোর্ডে খননের উদ্দেশ্য এবং কাজ শুরু ও সমাপ্তির তারিখ প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এতে বলা হয়, অনিবার্য না হলে খননকাজ শুধু রাতেই হবে এবং সকাল হওয়ার আগে খনন করা মাটি বা রাবিশ সরিয়ে নিতে হবে।
নীতিমালার একটি গুরুত্বপূর্ণ বিধানে বলা হয়েছে, কোনো প্রধান সড়ক খননের জন্য একবার কোনো সংস্থাকে অনুমতি দেওয়ার পর অপরিহার্য না হলে পরবর্তী তিন বছরের মধ্যে ওই সড়কে আর কাউকে খননের অনুমতি দেওয়া হবে না।
প্রণীত হওয়ার শুরুতে কিছুদিন এই নীতিমালা অনুযায়ী খনন কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে এটি একরকম হারিয়েই যায়। ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা সিটি করপোরেশন দুভাগ হওয়ার পর এই নীতিমালার অনুসরণ প্রায় বন্ধ হয়ে যায়।
নীতিমালা যেভাবে লঙ্ঘিত হচ্ছে: মিরপুরের শেওড়াপাড়ায় একটি আসবাবপত্র বিক্রয়কেন্দ্রের কর্মী আবদুস সামাদ সামনের প্রধান সড়কে বিশাল গর্ত দেখিয়ে বলেন, গত বছরের মাঝামাঝি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) সেখানে খোঁড়াখুঁড়ি করে। অনেক ভোগান্তির পর সেটি মেরামত করা হয়। কিন্তু অল্প সময় পরই সেখানে শুরু হয় মেট্রোরেলের জন্য খোঁড়াখুঁড়ি। কাজ শেষ হতে কত দিন লাগবে কেউ জানতে পারছে না। সরেজমিন পরিদর্শনেও এ ধারণার সত্যতা মেলে। রোকেয়া সরণি থেকে মিরপুর ১০ নম্বরের দিকে যাওয়ার সড়কে দুধারে খোঁড়া রাস্তায় টানা বিশাল গর্ত। সেখানে চলাচলে ভোগান্তির পাশাপাশি চলছে ধুলার রাজত্ব।
মগবাজার-মৌচাক-মালিবাগ এলাকায় ডিপিডিসির ভূগর্ভস্থ মোটা কেব্ল লাইনের জন্য গর্ত খোঁড়া হয়েছে আড়াই মাসেরও বেশি সময় আগে। এর আগে উড়ালসড়ক নির্মাণের জন্য প্রায় সাড়ে তিন বছর এসব এলাকার রাস্তা বিধ্বস্ত। সমন্বয়ের অভাবে একসঙ্গে কাজ হয়নি।
এরপর এখানে ঢাকা ওয়াসার খোঁড়াখুঁড়ি চলবে বলে জানা গেছে। পুরানা পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ, শান্তিনগর ও মালিবাগ এলাকায় ড্রেনেজ লাইনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তিন মাসেরও বেশি সময় ধরে খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজ করছে। এ কাজে খরচ হচ্ছে ৭০ কোটি টাকা। কাজের পর এসব এলাকায় ঢাকা ওয়াসার অন্য কাজের পরিকল্পনা আছে বলে জানা গেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পানি সরবরাহের চওড়া পাইপ বসানো হয় গত বছরের শুরু থেকে। কাজের পর এখনো মিরপুর, লালমাটিয়া, নাখালপাড়া, ধানমন্ডিসহ রাজধানীর অনেক এলাকার রাস্তা পুরোপুরি মেরামত হয়নি।
নীতিমালা অনুযায়ী ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার জন্য খোঁড়াখুঁড়ি করা নিষেধ। কিন্তু তা কখনোই পুরোপুরি মানা হয় না। ঘোর বর্ষাতেও নগরীর বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ির জন্য জনভোগান্তির শেষ নেই। বিভিন্ন এলাকাবাসীর ভাষ্যমতে, গত বছর রাজধানীর কোথাও খননের আগে মাইকে প্রচার করা হয়নি। অন্তত তাঁরা শোনেননি। বর্তমানে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় খোঁড়াখুঁড়ি চলছে, এলাকাবাসী জানালেন আগে থেকে তাঁদের অবহিত করা হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন দেশের বাইরে অবস্থান করছেন। গতকাল রোববার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সড়ক খোঁড়াখুঁড়ির বিষয়ে নীতিমালা অনুযায়ী আমাদের ওয়ান স্টপ সার্ভিস চালু আছে। নিয়মকানুন মানারও সার্বিক চেষ্টা হয়।’
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ বলেন, ‘আমরা সার্বিকভাবে ওয়ান স্টপ সমন্বয় সেলের পরিকল্পনায় কাজ করার চেষ্টা করি। তবে পরিকল্পনার বাইরেও কিছু বিষয় চলে আসে। যেমন বড় প্রকল্পে আমাদের করার কিছু থাকে না। অনুমতি দিতেই হয়, নইলে প্রকল্প মুখ থুবড়ে পড়ে যাবে। এ ছাড়া বিভিন্ন সংস্থার জরুরি কাজের জন্যও পরিকল্পনা ভেস্তে যায়। কোথাও পানি, বিদ্যুৎ, গ্যাস বা অন্য সংস্থার লাইন ক্ষতিগ্রস্ত হলে মেরামতে খোঁড়াখুঁড়ির অনুমতি না দিয়ে উপায় থাকে না।’
জানা যায়, রোকেয়া সরণি থেকে মিরপুরে মেট্রোরেলের জন্য খোঁড়াখুঁড়ির কারণে তিতাস গ্যাস কোম্পানিকে তাদের লাইন সরিয়ে নিতে হচ্ছে। ওয়াসা, ডিপিডিসিকেও একই কাজ করতে হবে। ওয়াসা, ডিপিডিসি, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, খোঁড়াখুঁড়ির কাজ শুরুর আগেই মেরামতের পুরো টাকা সিটি করপোরেশনকে অগ্রিম দিয়ে দেওয়া হয়। কিন্তু সময়মতো মেরামত হয় না। এ বিষয়ে দুই সিটি করপোরেশনের বক্তব্য হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে কাজ শেষ হওয়ার পর ‘ক্লিয়ারেন্স লেটার’ দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা দেওয়া হয় না।